নীলফামারীতে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
নীলফামারীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা বাঁশবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানান নীলফামারী সদর থানার এসআই মো. মনির হোসেন।
এ দুই শিশু হলো ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) এবং মো. আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)। এই দুই স্কুল শিক্ষার্থী সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মনির হোসেন জানান, বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামে বৃষ্টি শুরু হয়। এ সময় মিজানুর ও শাওন বাড়ির অদূরে পুকুরে গোসল করতে নামে। তাদের দুজনকে পুকুরে ডুবে যেতে দেখে গ্রামের তিন বছর বয়সী আরেক শিশু তাদের বাড়িতে খবর দেয়।
ওই গ্রামের বাসিন্দা সিরাজ উদ দৌলা জানান, শাওন ইউনিয়নের বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং মিজানুর রহমান যাদুরহাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বৃষ্টি শুরু হলে তারা দুজনে পুকুরে গোসল করতে নামে।
“সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নীলফামারী হাসপাতালে নিয়ে যায়।”
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
