এ বছরই ভূমি ও গৃহহীনমুক্ত হবে বাগেরহাট, আশা জেলা প্রশাসনের
বাগেরহাট জেলাকে এ বছরই ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার বিকালে বাগেরহাট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ আশা প্রকাশ করেন।
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন। এরমধ্যে বাগেরহাটের ৫০০ অতিদরিদ্র পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাবে।
এদিন মাগুরা ও পঞ্চগড় জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার কথা রয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় সরকার দরিদ্রদের মাথা গোঁজার ঠাই হিসেবে এসব ঘরে করে দিচ্ছে।
এর আগে তিন দফায় ১ লাখ ৮৫ হাজার ১২৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা।
এদিন সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আজিজুর বলেন, “আগামী ২১ জুলাই বাগেরহাট জেলার ৯ উপজেলার ৫০০ ভূমিহীন-গৃহহীন পরিবার নতুন ঘর পাবে। আমরা কমিটেড আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যে ২০২২ সালের মধ্যে বাগেরহাট জেলাকে আমরা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারব।
“বাগেরহাট নদী ভাঙন প্রবণ এলাকা এবং এখানে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে নতুন করে ভূমি ও গৃহহীন পরিবার সৃষ্টি না হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে ‘ক’ তালিকাভুক্ত পরিবারগুলোকে নতুন ঘর দিতে পাবব।”
কোনো পক্ষপাতিত্ব ছাড়া ভূমি-গৃহহীন পরিবারগুলোকে নতুন ঘর দেওয়া হচ্ছে এবং সেখানে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক জানান, বাগেরহাটে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীনের সংখ্যা ৪ হাজার ৯৬৩ জন। এদের মধ্যে ২ হাজার ১৩৭টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে এরই মধ্যে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। ২ হাজার ৮২৬টি পরিবার এখনও ঘর পায়নি। জমি প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে তাদের নতুন ঘর উপহার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, বাগেরহাট উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস জানান, আশ্রয়ন প্রকল্পে এ পর্যন্ত বরাদ্দ করা অর্থের পরিমাণ ৪ হাজার ২৮ কোটি টাকা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট একক ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। বর্তমানে তৃতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হচ্ছে ৬৭ হাজার ৮০০টি ঘর। এর মধ্যে গত ২৬ এপ্রিল হস্তান্তর হয় ৩২ হাজার ৯০৪টি।
তৃতীয় পর্যায়ে চরাঞ্চলে বরাদ্দ করা বিশেষ নকশার ঘরের সংখ্যা ১ হাজার ২৪২টি বলে জানান তিনি।
