টিকেট কালোবাজারির দায়ে দিনাজপুরে প্লাটফর্মের দোকানিকে জরিমানা
দীর্ঘদিন ধরে ট্রেনের টিকেট নির্ধারিত দামে কিনে অবৈধভাবে বেশি দামে বিক্রির দায়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ‘রাইসা রেলওয়ে ফাস্ট ফুড কনফেকশনারি’র মালিক রাশেদুল ইসলামকে এই জরিমানা করা হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান।
রাশেদুলের দোকানটি টিকেট কাউন্টারের সামনে। টিকেট প্রত্যাশীরা কাউন্টারে টিকিট না পেলে বেশি দাম দিয়ে ওই দোকান থেকে টিকিট কিনতেন।
দুপুরে একজন ভুক্তভোগী এটি দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে কল দিয়ে টিকিট কালোবাজারির বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয় বলে জানান সহকারী পরিচালক মমতাজ বেগম।
তিনি সাংবাদিকদের আরও বলেন, “রাশেদুলের কনফেকশনারি দোকানে আমরা দুটো টিকিট পেয়েছি। টিকিট রাখার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
