২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: বগুড়ায় বিএনপি নেত্রী কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার মামলায় বগুড়ায় এক বিএনপি নেত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 07:56 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার রোববার এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

সুরাইয়া জেরিন রনি নামের এই নেত্রী বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, আদালতের আদেশের পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বরাতে তিনি বলেন, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

তার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে গাবতলী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং কর্মসূচি ঘিরে সংঘর্ষ বাধে। 

পরিদর্শক সুব্রত ব্যানার্জি আরও বলেন, পরে ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়া জেরিন রনিসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। 

গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

রোববার সেই মামলায় জামিন নিতে গেলে বিএনপি নেত্রী রনিকে আদালত কারাগারে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এর আগে গত ১৪ জুলাই এ মামলায় আরও তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি মোরশেদ মিলটন, উপজেলা বিএনপির দুই সদস্য হারুনুর রশিদ ও ফজলে রাব্বী।