আব্দুল করিম হত্যা: সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে সাবেক পরিদর্শক লিয়াকত
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে অন্য একটি মামলায় সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে আনা হয়েছে।
টেকনাফের আব্দুল করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিতে তাকে আদালতে হাজির করা হয় বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
ফরিদুল জানান, রোববার সকাল ১১টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল আল মামুনের আদালতে লিয়াকত আলী সাক্ষ্য দেন।
তিনি বলেন, “২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার আব্দুল করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। তিনি ওই মামলার ছয় আসামির জবানবন্দি গ্রহণ করেছিলেন।“
লিয়াকত আলী টেকনাফ উপজেলার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক। তিনি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি।
গত ৩১ জানুয়ারি আলোচিত এই মামলার রায় ঘোষণার পর থেকে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন। সেখান থেকে শনিবার তাকে কক্সবাজার কারাগারে আনা হয়। রোববার বিকালে তাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
গত ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।
এতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর সাত আসামিকে খালাস দেয়া হয়েছে।
আদেশের পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়।
