প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ, আটোরিকশার ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন চারজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উজানিসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান।
মৃতরা হলেন- অটোরিকশা চালক সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের চাঁন মিয়া (৫০) ও যাত্রী কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৪৫)।
ওসি বলেন, “কুমিল্লামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
এ ঘটনায় আহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
