নেত্রকোণায় সোমেশ্বরীতে নিখোঁজ নৌকার যাত্রীর লাশ উদ্ধার
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রাম থেকে উজ্জ্বল হোসেন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান।
এর আগে শুক্রবার বেলা ৩টার দিকে ওই এলাকায় বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকার সংঘর্ষ হয়; এরপর থেকে উজ্জ্বল নিখোঁজ ছিলেন। ২৮ বছর বয়সী এ যুবক রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরি ঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্য ছেড়ে যায়।
পথে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকার সব যাত্রী ছিটকে নদীতে পড়ে যায়৷
তখন অন্য নৌকার যাত্রী ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন উজ্জ্বল।
তাকে অনেক খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে এলাকার লোকজন থানা ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
পরিদর্শক এনামুল বলেন, “সকালে স্থানীয়রা নদীতে উজ্জ্বলের লাশ পানিতে ভেসে উঠতে দেখেন। পরে তারাই সেখান থেকে লাশটি উদ্ধার করেন।”
