বেনাপোলে যাত্রীদের অনলাইন ভ্রমণ কর ‘জালিয়াতিতে’ মামলা
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের অনলাইনে কাটা ভ্রমণ কর জালিয়াতির অভিযোগ ওঠার পর একটি মামলা করেছে শুলক কর্তৃপক্ষ।
একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্তে শুল্কভবনের কমিশনার মো. আজিজুর রহমান পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে শুল্কভবনের রাজস্ব কর্মকর্তা এফএম আতিকুর রহমান বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেছেন।
ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় প্রত্যেককে ৫০০ টাকা ভ্রমণ কর দিতে হয় শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
বেনাপোল শুল্কভবনের সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শুল্ক কমিশনার আজিজুর রহমানের দেওয়া গোপন সূত্রে জানতে পারেন ভ্রমণ কর ফাঁকি চক্রের সদস্যরা বহু যাত্রীর ভ্রমণ কর ফাঁকি দিয়ে ভারতে পার করছে।
“এরপর অনলাইনে কাটা বেশ কিছু ভ্রমণ কর রশিদ যাচাইবাছাই করে গ্রীন লাইন পরিবহনের ১৪ জন, হানিফ পরিবহনের ৮ জন ও দেশ ট্রাভেলস পরিবহনের ৭ জন যাত্রীর ভ্রমণ কর রশিদ জাল হিসেবে শনাক্ত হয়।”
এমন ভুয়া ভ্রমণ কর রশিদ ব্যবহার করে অনেক যাত্রী এর আগে ভারতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
বেনাপোল শুল্কভবনের কমিশনার আজিজুর রহমান বলেন, ভ্রমণ কর রশিদ জাল সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটিতে যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়াকে প্রধান করে ডেপুটি কমিশনার আব্দুল কাইয়ূম, রাজস্ব কর্মকর্তা এসএম রবিউজ্জামান, মোহাম্মদ মিন্টু ও সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম আতিকুর রহমানকে রাখা হয়েছে।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের চাপ বেড়েছে। এ সুযোগে কিছু প্রতারক যাত্রীদের সঙ্গে প্রতারণা করে ভ্রমণ কর জালিয়াতি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে।
“বৃহস্পতিবার এ চক্রের সদস্যরা কয়েকটি পরিবহনের যাত্রীদের ভ্রমণ করের টাকা আত্মসাৎ করে অন লাইনের জাল স্লিপ দিয়ে ইমিগ্রেশন পার করছিল। এ সময় সন্দেহ হলে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় ট্যাক্স কপি ভুয়া। পরে তাদের নামে মামলা করা হয়েছে।”
পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেনাপোলের বড়আচড়া গ্রামের জসিম উদ্দিন ও বেনাপোল ভবারবেড় গ্রামের মোহন উদ্দিনকে আটক করা হয়েছে।
