২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে প্লাবন, ১২০০ পরিবার পানিবন্দি

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার শ্যামনগরের বহু গ্রামের মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 12:19 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

শুক্রবার সকালে দুর্গাবাটি পয়েন্টে এই নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের এসব গ্রাম প্লাবিত হয়।

রাতের জোয়ারে পানি আরও বাড়লে উপকূলীয় এই উপজেলার আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হতে পারে; কিন্তু উপজেলা প্রশাসন জানিয়েছে এসব গ্রামের মধ্যে মূলত তিনটি গ্রামের ১২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরবর্তীতে অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য ব্রিফ করে জানিয়ে দেওয়া হবে।

স্থানীয় বৃদ্ধা মনিজা রাণী সাংবাদিকদের বলেন, “সকাল থেকে চোখের সামনে একের পর এক গ্রাম প্লাবিত হলো; আর মানুষের সহায় সম্পদ যা কিছু ছিল সব কিছু লোনা জলে ভেসে গেল। কিন্তু জেলা প্রশাসনের দেখা মিলল না।”

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, প্রবল জোয়ারের চাপে উপকূলীয় বেড়িবাঁধের ৪০ মিটার মাটির রাস্তা ভেঙে গেছে। এছাড়া বেড়িবাঁধের আরও ৪ কিলোমিটার দুর্বল হয়ে গেছে। আরও ২৫ থেকে ৩০টির মতো স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, খোলপেটুয়া নদীর দুর্গাবাটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে উপকূলের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামের মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে। একের পর এক নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা পর্যবেক্ষণাগারের ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা শহরে বৃষ্টি নেই; কিন্তু উপকূলে বৃষ্টির আধিক্য দেখা দিয়েছে। তবে এ অবস্থা এখনও চললেও তা কমে আসবে।