গাজীপুরে বিলে নৌকা ডুবে নানির মৃত্যু, নাতনি নিখোঁজ
গাজীপুর সদরে বিলে ডিঙ্গি নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছে তার নাতনি।
শুক্রবার সকালে উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্ধান এলাকার বেলাই বিলে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো. ইদ্রিস আলী জানান।
নিহত ছাফিয়া বেগম (৬০) সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্ধান এলাকার জুলমত আলীর স্ত্রী।
নিখোঁজ সায়মা আক্তারের (৫) সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছেন। সায়মা একই এলাকার বসুগাঁও গ্রামের বুলবুল আহমেদের মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে মো. ইদ্রিস আলী জানান, সকালে ছাফিয়া বেগম নাতনিকে নিয়ে ডিঙ্গি নৌকায় করে বাড়ি থেকে বড়াইয়া এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। নৌকায় তাদের সঙ্গে আরও চারজন ছিল। বেলাই বিলের মাঝামাঝি পৌঁছালে ডিঙ্গিটি ডুবে যায়। এ সময় এলাকাবাসী তিনজনকে জীবিত এবং ছাফিয়া বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
“তবে শিশু সায়মা আক্তারের কোনো খোঁজ পায়নি তারা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।”
