২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে উল্টো পথে এক বাইকে চারজন, গাড়ির ধাক্কায় নিহত ৩

গাজীপুরের কোনাবাড়ি ফ্লাইওভারে প্রাইভেট কার এবং উল্টো পথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে এক শিশু।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 05:19 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ জানান।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি এলাকার মো. আয়নালের ছেলে মো. রাজু মিয়া (২৫), নীলফামারীর রাবেরতল এলাকার রহিম আলীর ছেলে মো. শাহীন (৩০) এবং বরগুনার বেতাগী উপজেলার মো. সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)।

এ ঘটনায় নিহত রাজু মিয়ার আড়াই বছরের মেয়ে রাইসা আহত হয়।

রাজু কোনাবাড়ি দেওলিয়াবাড়ি কলেজ গেইট এলাকার আব্দুল মান্নানের বাড়ির এবং শাহীন একই এলাকার মো. আসলামের বাড়ির ভাড়াটে। 

এসআই শাখাওয়াত জানান, হতাহতরা কোনাবাড়ি কলেজ গেইট এলাকা থেকে কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলযোগে বাইমাইল এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফ্লাইওভারে উল্টো পথ ধরে যাচ্ছিল। মাঝামাঝি পৌঁছলে টাঙ্গাইলগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শাহীন ও শামীম মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। বাকি দুজন ফ্লাইওভারের উপর ছিল।

“পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আহত শিশু রাইসাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই শাখাওয়াত।