সাত খুন: নূর হোসেন আদালতে না থাকায় জেল সুপারকে শোকজ
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে আরেকটি মামলায় আদালতে হাজির না করার কারণ দর্শাতে বলা হয়েছে কাশিমপুরের এক জেল সুপারকে।
একই সঙ্গে আগামী ৪ অগাস্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।
নূর হোসেন গাজীপুরের কাশিমপুর কারাগারে পার্ট-২ বন্দি আছেন।
এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দীন সুইট জানান, অস্ত্র মামলায় আসামি নূর হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য ছিল। একই দিন একটি মাদক মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি ছিল।
“আদালতে মামলার সাক্ষ্য দেওয়ার জন্য একজন সহকারী পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য হাজির হয়েছিলেন। তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন সিলেট থেকে এসেছেন। তবে মামলার আসামি নূর হোসেনকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। কেন হাজির করা হয়নি তা আদালতকে জানানো হয়নি।”
পিপি সালাহউদ্দীন বলেন, তারা খোঁজ নিয়ে জানতে পারেন নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে নেওয়া হয়েছে। বিষয়টি আদালতকে আগে কেন জানালো হলো না – এ নিয়ে আদালত ক্ষুদ্ধ হয়ে জেল সুপারকে শোকজ করেন।
“একই সঙ্গে আগামী ৪ অগাস্ট জেল সুপারকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জেল সুপারের বিরুদ্ধে অর্ডার সিট পাঠানোরও আদেশ দিয়েছেন আদালত।”
নূর হোসেনের আইনজীবী কামাল হোসেন বলেন, নূর হোসেনকে আদালতে হাজির না করায় আজ শুনানিতে সাক্ষীরা সাক্ষ্য দিতে পারেননি। যারা সাক্ষ্য দিতে এসেছেন তারা বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে এসেছেন। আজ শুনানিতে নূর হোসেনকে আদালতে হাজির করা যাবে না তা আদালতকে আগে জানানো প্রয়োজন ছিল জেল সুপারের; কিন্তু তিনি তা করেনি। এ কারণে আদালত তাকে শোকজ করেছেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আজ দুটি মামলার শুনানিতে আসামী নূর হোসেনকে আদালতে আনা হয়নি। তবে মামলার অন্য আসামিদের হাজির করা হয়েছে। দুটি মামলার সংশ্লিষ্ট আইজীবীসহ সাক্ষীরা আদালতে হাজির হয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেল সুপার মাহবুবুল আলম বলেন, “নূর হোসেনকে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে নেওয়া হয়েছে। সে বিষয়টি গাজীপুরের কাশিমপুর কারাকর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আমি জানার পর আদালতকে তা জানিয়েছি। আদালত কেন শোকজ করেছেন তা আমি জানি না।”
এ ব্যাপারে কাশিমপুর কারাগার পার্ট-২ জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আমিরুল ইসলাম বলেন, একই দিন নূর হোসেনের ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি আদালতে মামলার তারিখ ধার্য ছিল। ঢাকার আদালতে নূর হোসেনকে হাজির করায় তাকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা সম্ভব হয়নি।
