২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নম্বর ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন পরিষদের ১১ জন সদস্য।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 06:34 PM

Updated : 25 Jul 2022, 04:04 PM

সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তির দাপট, ভিজিএফ ও ভিজিডির মাল আত্নসাৎসহ নয়টি অভিযোগ এনে রেজুলেশন করে চেয়ারম্যান শফিউল আলম শফির বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানান ইউপি সদস্য আনিছুর রহমান।

এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ মাছুম এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সরেজমিন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান আগামী ১৮ জুলাই পর্যন্ত সময় চেয়ে আবেদন করেন। অভিযোগকারীরা উপস্থিত থাকলেও চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের তারিখ পুনর্নির্ধারণ করে ১৯ জুলাই করা হয়েছে। এর বাইরে তদন্তের অন্যান্য কাজ চলমান আছে।

ভিতরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯, ৩৪ এর ৪ (ঘ) ধারার আলোকে ১১ জন ইউপি সদস্য উল্লেখিত আইনের ৩৯ ধারা অনুযায়ী অনাস্থা প্রস্তাব গ্রহণ করে।

একই সঙ্গে চেয়ারম্যান শফিউল আলম শফিকে অপসারণের দাবি জানিয়ে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান এই ইউপি সদস্য।

অভিযোগে স্বাক্ষরকারী অন্য ইউপি সদস্যরা হলেন- আব্দুল বাতেন (১ নম্বর ওয়ার্ড), শ্রী গয়ানাথ রায় (২ নম্বর ওয়ার্ড), আবুল হোসেন ব্যাপরী (৩ নম্বর ওয়ার্ড), আবুল ফারুক মিঠু (৪ নম্বর ওয়ার্ড), ফেরদৌস আলী (৬ নম্বর ওয়ার্ড), সাইফুর রহমান (৭ নম্বর ওয়ার্ড), আমিনুল ইসলাম (৮ নম্বর ওয়ার্ড), শফিকুল ইসলাম (৯ নম্বর ওয়ার্ড), ফাতেমা বেগম (সংরক্ষিত মহিলা সদস্য-১, ২ ও ৩ ওয়ার্ড) এবং নওরোজ জাহান (সংরক্ষিত মহিলা সদস্য-৪, ৫ ও ৬ ওয়ার্ড)।

ইউপি সদস্যরা ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমানের সভাপতিত্বে দুই দফা বৈঠক করে চেয়ারম্যান শফিউল আলমের বিরুদ্ধে নয়টি সুনির্দিষ্ট অভিযোগ করেন।

অভিযোগের মধ্যে রয়েছে- ঈদের সময় তালিকাভুক্ত দুই সহস্রাধিক দুঃস্থ মানুষকে ভিজিএফের চাল না দিয়ে আত্মসাৎ। মোসলেমা নামে এক নারী গত পাঁচ মাস থেকে ভিজিডির (ভিজিএফ কার্ড নং ১৯২) চাল থেকে বঞ্চিত হচ্ছে চেয়ারম্যান শফিউল আলমের ব্যক্তিগত আক্রোশের কারণে।

সরকারি গেজেট উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ৯ নম্বর আলোকিত ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ হিসাবে ঘোষণা এবং প্রচার করা। যদিও সরকারি গেজেটে প্রকৃত নাম ৯ নম্বর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ।

সরকারি বিধিবিধান না মেনে সুকানদিঘী (নয়ারহাট) নামে নতুন হাট ইজারা প্রদান। অতিরিক্ত ট্যাক্স আদায় করে কোষাগারে জমা না করে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান শফিউল আলম।

তবে চেয়ারম্যান শফিউল আলম শফি তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে হেয়-প্রতিপন্ন করতে পরিকল্পিত ষড়যন্ত্র। মেম্বারদের অনৈতিক আবদার পূরণ করতে না পারায় আমি পরিস্থিতির শিকার।”

তিনি বলেন, “আমার চেয়ারম্যান হিসেবে এখনও ছয় মাস বয়স হয়নি। কাজেই সরকারি নীতিমালা মোতাবেক ছয় মাস পূর্তির আগে এ অনাস্থা প্রস্তাব অগ্রহণযোগ্য।”