ধর্ষণের দায়ে ফেনীতে ৩ জনের প্রাণদণ্ড
ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার ১৯ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফকির আহমদের ছেলে আবুল কাশেম, আবদুর রশিদের ছেলে মো. লাতু ও আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম।
এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় একই এলাকার রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুককে বিচারক এ মামলা থেকে খালাস দিয়েছেন বলে আদালতের আইনজীবী ফরিদ আহমদ হাজার জানিয়েছেন।
তিনি বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্তদের দুই লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডিত সব আসামি পলাতক ছিলেন। শুধু খালাস পাওয়া ফারুক উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ২০০৩ সালের ১৩ মে রাতে এক নারী ও তার মেয়েকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায় সন্ত্রাসী লাতু, জাহাঙ্গীর ও ফারুক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নির্জন স্থানে অস্ত্রের মুখে মাকে জিম্মি করে বেঁধে রেখে ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে তারা।
পরদিন মেয়েটির মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
আইনজীবী ফরিদ বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের গ্রেপ্তার হওয়ার দিন থেকে এ রায় কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।
