ঈদে পর্যটক ‘কম’ শ্রীমঙ্গলে
টানা বৃষ্টি ও বন্যার কারণে গত এক মাস ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের সমাগম কম। ঈদেও ব্যবসা হয়নি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তবে ছুটিতে যারা বেড়াতে গেছেন, তারা প্রকৃতিকে উপভোগ করেছেন নিরিবিলিতে।
শ্রীমঙ্গল পর্যটন সেবাসংস্থার সভাপতি গ্র্যান্ড সেলিম রিসোর্টের চেয়ারম্যান সেলিম আহমদ জানান, ঈদে মৌলভীবাজারের পর্যটন শিল্প সম্পৃক্তদের মূল ব্যবসা হলেও বন্যার কারণে এবার তা হয়নি। ঈদের ব্যবসার উপর নির্ভর করে বছরের অন্যান্য সময়ের যোগান নিতে হয়। কিন্তু এবার অবস্থা খারাপ।
শ্রীমঙ্গলের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের ম্যানেজার শামসুদ্দোহা জানান, ব্যবসা নেই বললেই চলে। তবে ঈদের দুইদিন পর থেকে তারা কিছুটা সাড়া পেয়েছেন।
শ্রীমঙ্গল ওয়ারটার লিলি রির্সোটের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ঈদে ব্যবসার জন্য তড়িঘড়ি করে ৪ জুলাই রিসোর্ট উদ্বোধন করেন। কিন্তু বন্যার কারণে পর্যটক কম। ৫০ শতাংশ ছাড় দিয়েও তেমন লাভ হয় নাই।
বন্যার কারণে এবার ঈদে পর্যটক কম হওয়ায় ব্যবসা হয়নি বলে মনে করেন শ্রীমঙ্গল টি হ্যাভেন ও সিলেট রিভারভিউ রিসোর্টের সত্ত্বাধিকারী আবু সুলতান মোহাম্মদ লেদু।
তিনি বলেন, “যদিও শ্রীমঙ্গলে বন্যা নেই। তবুও অনেকে শ্রীমঙ্গলকে সিলেট হিসেবে চিনেন। তাই সিলেটে বন্যা শুনে শ্রীমঙ্গলে অনেকেই আসেননি।”
মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, “ঈদের আগে এবং ঈদের দিনও দর্শনার্থী ছিলো প্রতিদিন একশ থেকে দেড়শ। ঈদের তৃতীয় দিন থেকে প্রতিদিন এক থেকে হাজার ১২’শ মতো পর্যটক আসছে। কিন্তু অন্য বছর এই সময়ে প্রতিদিন দর্শনার্থী ৫ হাজার ছাড়িয়ে যেতো।”
এদিকে দর্শনার্থীর চাপ না থাকায় মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোর রাস্তাঘাট বলতে গেলে ফাঁকাই ছিল। দর্শনার্থীরা নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছেন। সবুজ উপভোগ করছেন মনভরে।
ঢাকা থেকে আসা সৌমিত্র ও সুর্বণা দেব জানান, শ্রীমঙ্গলে দর্শনীয় স্থানগুলো এতো ফাঁকা তারা কখনও দেখেননি। তবে লোকজন কম থাকায় স্বচ্ছন্দে মৌলভীবাজারের পর্যটন এলাকাগুলো ঘুরে বেড়িয়েছেন।
নীনা দাশ এসেছেন চট্টগ্রাম থেকে। এর আগে ঈদে শ্রীমঙ্গল এত ফাঁকা তিনিও দেখেননি বলে জানালেন।
চট্টগ্রামের রাখি চক্রবর্তী বলেন, “এই সময়ে প্রকৃতিটা বৃষ্টিস্নাত; এর সৌন্দর্য অন্যরকম। আমরা মনভরে তা উপভোগ করেছি।”
একই কথা জানান, আরেক পর্যটক চট্টগ্রামের শ্রীকান্ত চক্রবর্তী।
শ্রীকান্ত বলেন, “শ্রীমঙ্গলের চা বাগান, আনারস বাগান, লেবু বাগান, পান বাগান, হাইল হাওর, পাহাড়ি ঝর্ণা, লাউয়াছড়াবন, বধ্যভূমি একাত্তর সব কিছু মিলিয়ে এ যেন একখণ্ড স্বর্গ।”
এদিকে পর্যটক না থাকায় শ্রীমঙ্গল ট্যুর গাইডদেরও আয় হয়নি। বিশেষ করে যাদের বিকল্প আয়ের কোনো পথ নেই, তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছেন।
শ্রীমঙ্গল লাউয়াছড়ার বাসিন্দা ট্যুর গাইড সাজু মাচিয়াং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২ মাস ধরে কোনো পর্যটক নেই। ভেবেছিলাম, ঈদে কিছু আয় হবে তাও হয়নি।”
