২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওদুদ মাতুব্বরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 04:11 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হামিক তরুণ বাছাড় এ আদেশ দেন বলে জানান ছয় নম্বর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শ্যামল মিত্র।

৯ জুলাই উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা এলেম শেখের (৭৭) বাড়িতে হামলার ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে এ মামলাটি করেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যানকে হুকুমের আসামি করা হয়।

৩৩ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এর মধ্যে বিচারক ১১ জনের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান বলে জানান জিআরও।

মামলার এজাহারে বলা হয়, ৮ জুলাই বিকাল ৫টার দিকে মুক্তিযোদ্ধার বাড়িতে রামদা, ছ্যানদা, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপজেলার সভাপতি মো. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক জান-ই-মারজানা স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে।

স্মারকলিপিতে বীর মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তার জন্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়।