মানিকগঞ্জে বাসচাপায় ২ বাইক আরোহী নিহত, অবরোধ-ভাঙচুর
মানিকগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় দুই আরোহী নিহতের পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার তরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ঘিওর থানা ওসি রিয়াজ উদ্দীন আহমেদ বিপ্লব জানান।
নিহতরা হলেন- ঘিওর উপজেলার রাথুরা গ্রামের জুয়েল মিয়া (২৫) এবং আশিকুর রহমান (২৬)।
এ ঘটনায় আহত একই গ্রামের হাসিবুর রহমানকে (২৪) রাতেই মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার ওসি বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে করে রাথুরা গ্রামের বাড়ি ফিরছিলেন। কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বানিয়াজুরি বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। পরে রাত ১২টার দিকে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিলে সড়কে যান চলাচল শুরু হয় বলে জানান বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইনচার্জ মো. জাকির হোসেন।
