দিনাজপুরে প্রাইভেট কার খাদে, নিহত ৩
দিনাজপুর সদর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন দুজন।
দিনাজপুর-রংপুর মহাসড়কে উপজেলার সাতমাইল এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে কোতয়ালী থানার এসআই সৌরভ জানান।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২), মুন্সিপাড়ার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাওন (২৪)।
গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুন্সিপাড়ার মাহবুব আলমের ছেলে তামজিদ (১৯) এবং একই এলাকার মাহামুদুন নবী পলাশের ছেলে রওনক নবী প্রিয় (২৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সৌরভ বলেন, পাঁচজন প্রাইভেট কারে দশমাইল থেকে শহরের ফিরছিলেন। গাড়িটির গতি বেশি ছিল। সাতমাইল এলাকায় বাঁক নিতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানায় পুলিশ।
