২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন; উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 10:24 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

সংঘর্ষে জড়ানোর অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন।

নিহত আলাউদ্দিন ফকির (৫৫) উপজেলার শ্রীকোল ইউনিয়নের খোর্দরহুয়া গ্রামের বাসিন্দা।

ওসি প্রিটন বলেন, আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে ইউনিয়নের সাবেক সদস্য উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মোল্লা ও বর্তমান সদস্য বক্কার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধরাবাহিকতায় এলাকার এক ব্যক্তির বৈদ্যুতিক মিটার কেউ একজন রোববার রাতে ভেঙে ফেলে। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও অন্তত ২৫টি বাড়িতে ভাংচুর হয়।

“এতে ১৫-১৬ জন আহত হন। মঙ্গলবার দুপুরে আহত আলাউদ্দিন ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

ওসি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর সংঘর্ষে জড়িত সন্দেহে ১২ জনকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।