গোপালগঞ্জের প্রাচীন বট গাছটি উপড়ে পড়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ার পারকোনা গণেশ পাগল সেবাশ্রমের প্রাচীন বট গাছটি উপড়ে পড়েছে।
সোমবার সন্ধ্যায় বটগাছটি বিকট শব্দে হঠাৎ ভেঙে পড়ে বলে জানান কোটালীপাড়া উপজেলা বন কর্মকর্তা এফ আলম।
প্রাচীন গাছটির বয়স সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তা বলেন, “গাছটি কাটার পরে গোড়ার রিং দেখে এর আনুমানিক একটি বয়স নির্ধারণ করা যায়। প্রাথমিকভাবে গাছটি দেখে ২০০ বছরেরও বেশি বলে মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, “গাছের বয়স অধিক হলে প্রতিবছরই এর কাণ্ডের ক্ষয় ঘটে। ফলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এ কারণে বটগাছটি ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।”
বটগাছটি পারকোনা গণেশ পাগল সেবাশ্রমের এক একর জায়গা জুড়ে অবস্থান করছিল। বছরের পর বছর গাছটি আশ্রমে আগতদের সুশীতল ছায়া দিয়েছে পরম মমতায়। সেবাশ্রমে এসে এই মহীরুহের নীচে বসে অনেক মহাপুরুষ, সাধক ও ভক্ত প্রার্থনা করেছেন।
গাছটি ভেঙে পড়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই গাছটির সঙ্গে নিজেদের নানা স্মৃতির কথা তুলে ধরে একে দুঃখজনক ঘটনা বলে স্ট্যাটাস দিয়েছেন। এ ছাড়া সেবাশ্রমের শত শত ভক্ত গাছটিকে শেষবারের মতো দেখতে আশ্রম প্রাঙ্গণে ছুটে আসেন।
মঙ্গলবার সকাল থেকে সেবাশ্রমের লোকজন এই বটগাছটি অপসারণের কাজ শুরু করেছেন। অর্ধশত শ্রমিক গাছটি অপসারণে কাজ করছেন।
বিশাল গাছটি সম্পূর্ণ অপসারণ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন গণেশ পাগল সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস।
তিনি বলেন, “গণেশ পাগল তার জীবদ্দশায় পারকোনার এই বটগাছের নিচে বসে সাধনা করতেন। দেহত্যাগের পরে এখানে তার নামে আশ্রম গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকে আমরা এখানে প্রতি বছর ২১ পৌষ এই বটগাছের নিচে বাৎসরিক মহোৎসবের আয়োজন করে আসছি।”
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা বলেন, “শ্রীশ্রী গণেশ পাগল ১২৫৫ বঙ্গাব্দে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি উপজেলার উনশিয়ার ভট্টের বাগানে এসে সাধনায় সিদ্ধিলাভ করেন।”
“এ ছাড়া অনেক সাধক মহাপুরুষ ও ভক্তরা এখানে প্রার্থনা ও সাধনা করেছেন। ক্লান্ত পথিক এই বটগাছের ছায়ায় বসে ক্লান্তি জুড়িয়েছেন। বছরের পর বছর সুশীতল ছায়া দিয়ে গোটা আশ্রমকে আগলে রেখেছিলো এই বটগাছটি”, যোগ করেন সুভাষ চন্দ্র বালা।
বটগাছটি ভেঙে পড়ার খবর শুনে দেখতে আসা কোটালীপাড়া উপজেলার তারাকান্দর গ্রামের গৃহবধূ অঞ্জনা রায় বলেন, “আট বছর ধরে আমি এখানে মহোৎসবে আসি। এই বটগাছটিকে ঘিরে অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে।”
