নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ির ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার যাত্রামুড়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান।
নিহত আবু সাঈদ (৭৫) উপজেলার যাত্রামুড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার এসআই বেনু ঘোষ দাস বলেন, সকালে রাস্তা পার হয়ে বাজারের দিকে যাচ্ছিলন আবু সাঈদ। এ সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
