২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ভাগের বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে গুলির অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পশুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এক ছাত্রলীগ নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 01:36 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের সামনে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গুলিবিদ্ধ রিফাতুল ইসলাম (২৩) সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিফাতুল সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য বলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন রিফাতুলের ওপর হামলা চালায়। হামলাকারীরা রিফাতুলের বাঁ পায়ে গুলি করে।

এ সময় আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রিফাতুলকে পরে নোয়াখালী পাঠানো হয়। 

ছাত্রলীগ নেতা শ্যামল উদ্দিন বলেন, “রাসেল এক বছর আগে জামায়াত শিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশ করে। কিছুদিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গরু বাজারের হাসিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে রাসেল ও তার সহযোগী বহিরাগত সন্ত্রাসীরা রিফাতকে গুলি করে।”  

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাসেল। তিনি বলেন, “পশুর হাটের ইজারার জন্য ছয়জন দরপত্র জমা দেন। পরে তাদের মধ্যে হাসিলের টাকা ভাগ নিয়ে বিরোধের সৃষ্টি হলে জ্যেষ্ঠ নেতারা তা মীমাংসাও করে দেন। গুলির ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। একটি পক্ষ আমাকে ফাঁসাতে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রিফাতুলের শারীরিক বিষয়ে জানতে নোয়াখালী জেনারেল হাসাপাতালের মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রিফাতুলের বাঁ পায়ে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।”