২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

গাজীপুরের জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঈদের দিন সকাল থেকে ছয় এলাকার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 12:15 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, রোববার সকাল ৭টার দিকে শহরের চান্দনা-চৌরাস্তার পাশে উল্কা সিনেমা হলের দক্ষিণে অবস্থিত এ উপকেন্দ্রে আগুন লাগে। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন তারা।

অগ্নিকাণ্ডের কারণে ওই উপকেন্দ্রের আওতায় চান্দনা, চান্দনা-চৌরাস্তা, নাওজোর, ধীরাশ্রম, নলজানী, ভোগড়াসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

তাশাররফ বলেন, “প্রথমে একটি প্যানেল বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশের আরও দুইটি প্যানেল বোর্ডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে কাজ শুরু করলে সকাল পৌনে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার। তবে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, চান্দনা, চান্দনা-চৌরাস্তা, নাওজোর, ধীরাশ্রম, নলজানী, ভোগড়াসহ বিভিন্ন এলাকায় আশেপাশের সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা চলছে।