কুষ্টিয়ায় আধিপত্যের সংঘর্ষে প্রাণ গেল একজনের
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে।
উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।
মৃত শওকত আলী (৫৫) ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, একই এলাকার মারুফ ও লিপসন নামে দুই আইনজীবীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঈদে তারা বাড়িতে এলে এলাকায় আধিপত্য বিস্তার করতে মারুফের সমর্থকরা লিপসনের বাড়ি ঘেরাও করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফের সমর্থক শওকতকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
