২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোর নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে এক শিশু।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 09:42 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের গড়দিঘি এলাকায় শনিবার দুপুরে তারা হতাহত হয় বলে দেবীগঞ্জ থানার ওসি জামাল উদ্দীন জানান।

নিহত সোহাগ ইসলাম (১৫) ইউনিয়নের কাটনহারী এলাকার আতিয়ার রহমানের ছেলে।

আহত লিমন ইসলাম (১০) একই ইউনিয়নের শিকারপুর আদর্শ গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

ওসি জামাল স্থানীয়দের বরাতে বলেন, “গড়দিঘি গ্রামের বেলুন ব্যবসায়ী আলিমুল ইসলাম বেলুনে গ্যাস ভরা ও বিক্রির জন্য স্থানীয় শিশু-কিশোরদের কাজে লাগান।

“দুপুরে তার বাড়িতে বেলুনে গ্যাস ভরছিল শিশু-কিশোররা। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সোহাগের দুই পা ও ডান হাত শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। সহযোগী লিমনও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।”

আর লিমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

ওসি বলেন, আলিমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তেনর জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।