২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নদী থেকে দুই কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 06:09 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া ও খানপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় তাদের ভাসমান লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে সাব্বির আহম্মেদ শিশির (১৭) ও শেরপুর শহরের বারোদুয়ারী হাটখোলার মোজাফ্ফর হোসেনের ছেলে মো. সাম্মাম হোসেন ওরফে তাহমিদ (১৭)।

তারা দুজনই একাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে সাম্মাম স্থানীয় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও শিশির বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র।

সাব্বিরের বাবা লুৎফর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকালের দিকে সাম্মাম ও শিশির একসঙ্গে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ হন তারা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ধড়মোকাম নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে গেলে দুর্গন্ধ পান। পরে নদী থেকে সাম্মাম ওরফে তাহমিদের লাশ উদ্ধার করা হয়।

সাম্মামের লাশ উদ্ধারের তিন ঘণ্টার মাথায় গোপালপুর এলাকায় করতোয়া নদীতে ভাসমান শিশিরের লাশ পাওয়া যায়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ দুটি নিখোঁজ সাম্মাম ও শিশিরের বলে তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।