সিরাজগঞ্জে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদরের পৃথক এলাকা থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদের মধ্যে ক্যান্সারাক্রান্ত একজনের লাশ গাছে ঝুলন্ত এবং আরেকজনের লাশ পাওয়া যায় খালে। ঝুলন্ত লাশের পরিচয় মিললেও হুড়াসাগর খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মেলেনি।
সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান, শনিবার সকালে উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রাম থেকে হানিফ সেখ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ৫৫ বছর বয়সী হানিফ ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
রেজাউল ইসলাম বলেন, “হানিফ সেখ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির পেছনে একটি গাছের সাথে দড়ি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে শনিবার সকালে সদর উপজেলার হুড়াসাগর খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নজরুল ইসলাম।
তিনি জানান, সকালে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মেরিন একাডেমির সামনে হুড়াসাগর খালে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধারের করে হাসপাতাল মর্গে রাখা হয়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ওসি নজরুল ইসলাম বলেন, “নিহতের শরীরের চামড়া পচে গেছে, মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরনে শুধু একটি জিন্স প্যান্ট ছিল।”
এই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
