ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের ৩ জনের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। এতে বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলার জিংলাতলী এলাকায় শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসাম জানান।
মৃতরা হলেন-উপজেলার বেকিনগর গ্রামের আবদুল হকের ছেলে স্থানীয় দৈনিক সমাজকণ্ঠের দাউদকান্দি উপজেলা প্রতিনিধি রাসেল আহমেদ (২৮) এবং তার দুই চাচাতো ভাই একই গ্রামের শাহজালাল সরকারের বড় ছেলে মো. শরিফ সরকার (৩০) ও তাফসীর সরকার (১৮)।
ওসি বলেন, জিংড়াতলি-বেকিনগর সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাস চাপা দেয়। এরপর বাসটি সড়কের পাশে উল্টে যায়।
পরে স্থানীয়রা তিন মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
