শাবির স্প্লিন্টারবিদ্ধ সজলের ক্যাফেটেরিয়া কেড়ে নেওয়ার অভিযোগ
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আন্দোলনের সময় স্প্লিন্টারবিদ্ধ সজল কুণ্ডুকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ; এখন বরং তার চলার সম্বল ক্যাফেটেরিয়াটি ‘কেড়ে নেওয়া’ হচ্ছে।
তবে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ বলছে, ক্যাফেটেরিয়াটি সজলকে পরীক্ষামূলক চালাতে বলা হয়েছিল। সজল শর্ত পূরণ করতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি কর্তৃপক্ষের এই ক্যাফেটেরিয়াটি পরিচালনার দায়িত্ব ছাত্রীদের আন্দোলনের আগেই নেন সজল।
গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন এমন অভিযোগ তুলে আন্দোলনে নামেন ছাত্রীরা। এরপর দাবি আদায়ে শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে।
১৬ জানুয়ারি আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন সজল।
এর প্রায় দুই সপ্তাহ আগে থেকে সজল ক্যাফেটেরিয়াটি চালাচ্ছিলেন।
সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার শরীরে ৮৩টি স্প্লিন্টার বিদ্ধ হয়। তখন ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায়। প্রায় এক মাস চিকিৎসার পর গত ২৪ ফেব্রুয়ারি ক্যাফেটেরিয়াটি আবার চালু করি।
"আন্দোলনের আগে এবং পরে কর্তৃপক্ষের আচরণে অনেক পার্থক্য দেখছি। আমাকে অহেতুক শাসানো হচ্ছে। বিভিন্ন নিয়ম দেখিয়ে ক্যাফেটেরিয়া ব্যবসাটা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে আমার কাছ থেকে চাবি নিয়ে গেছে। আমার জিনিসপত্র বের করে নিতে বলেছে। "
সজলের অভিযোগ, আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপপক্ষ। দাবির মধ্যে সজলকে ক্ষতিপূরণসহ চাকরি দেওয়ার কথা ছিল।
“কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের কোনো দাবি মানা হয়নি। এখন বরং আমার বেঁচে থাকার শেষ সম্বল ক্যাফেটেরিয়া ব্যবসাটা নিয়ম দেখিয়ে কেড়ে নিচ্ছে।"
সজল আরও অভিযোগ করেন, "শুধু এই নয়, গত ২৮ মার্চ ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য পুরাতন নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে কর্তৃপক্ষ, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার পক্ষে বেশ সাংঘর্ষিক।
“এ নিয়ে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়। এখন দুই মাস ধরে ক্যাফেটেরিয়া বন্ধ থাকলেও স্টাফদের বেতন দিতে হচ্ছে। এতে আমার অনেক লোকসান হচ্ছে। এক অনিশ্চয়তার মধ্যে আছি।"
সজল হতাশা প্রকাশ করে বলেন, "আমি অকারণ মার খাইলাম, গুলি খাইলাম, মানসিক নির্যাতনের স্বীকার হলাম। আমাকে যর্থাথ চিকিৎসা দেওয়া হল না। ক্ষতিপূরণ দেওয়া হল না। একটা চাকরি দেওয়ার কথা ছিল। তাও দেওয়া হল না। উল্টো আমার জীবিকা নির্বাহের মাধ্যম, শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হচ্ছে। এই অন্যায়ের বিচার আমি কার কাছে চাইবো?''
ছাত্রীদের আন্দোলনের সঙ্গে ছিলেন মোহাইমিনুল বাশার রাজ নামে একজন শিক্ষার্থী।
রাজ বলেন, ‘‘কর্তৃপক্ষের আশ্বাসে সজল তার সময় ও অর্থ এই ক্যাফেটেরিয়ায় বিনিয়োগ করেন। অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করান সজল। এ রকম একটা ঘটনার পর সজলের এখন একমাত্র আয়ের উৎসটি ‘নিয়মের নামে’ কেড়ে নেওয়ার চেষ্টা অমানবিক। এটা একটা হয়রানি।"
ক্যাফেটেরিয়া সজলকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
সজল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলায়। তার বাবার মৃত্যুর পর দুই ভাই-বোনের মধ্যে বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে মা একাই থাকেন। মা গৃহশিক্ষকতা করেন।
সজল বলেন, জীবনধারণের জন্য মায়ের আয় যথেষ্ট না হওয়ায় সজল মাকে সহযোগিতা করেন। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষ থেকে সজল পড়ালেখার ফাঁকে টিউশনিসহ বিভিন্ন কাজ করেন। মাকেও আর্থিকভাবে সহযোগিতা করেন।
ক্যাফেটেরিয়ার আগে অনলাইনে খাবার বিক্রির ব্যবসা চালু করেন সজল। আন্দোলনের আগে ২ জানুয়ারি ওই ব্যবসা বন্ধ করে ক্যাফেটেরিয়ার দায়িত্ব নেন।
ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন।
জহিরুল বলেন, "হয়রানির কথা সে বলতেই পারে। কারণ ক্যাফেটেরিয়া দেওয়ার সময় তার সঙ্গে কোনো কমিটমেন্ট করা হয়নি। তাকে আমরা মানবিক দিক চিন্তা করে ক্যাফেটেরিয়া চালুর দায়িত্ব দেই। কারণ আমাদের এক সহকর্মী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জাফরিন আহমেদ লিজা সুপারিশ করায় তাকে আমরা এটা দেই। তবে তার সঙ্গে অফিশিয়ালি কোনো চুক্তি হয়নি।"
অধ্যাপক জহিরুল বলেন, "আমাদের ধারণা ছিল সে এটা চালিয়ে দেখুক পারবে কি না আর আমরাও দেখি আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে কি না। প্রথমে সে আগ্রহ প্রকাশ করলে আমরা তাকে পরীক্ষামূলক হিসেবে এটা দিই।
“কিন্তু সজলের তত্ত্ববধানে থাকা ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিমাণ ও খাবারের দামসহ অনেক অভিযোগ পেয়েছি। একজনের কাছ থেকে এক দাম রাখলে সে অন্যজনের কাছে থেকে আরেক রকম দাম রাখে।"
সজলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরিয়ে দেওয়ার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করার বিষয়ে অধ্যাপক জহির বলেন, ''তাকে উদ্দেশ্য করে নীতিমালা প্রণয়ন করা হয়নি। সবার জন্যই এটা করা হয়েছে।
“ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটি গত ঈদের ছুটি পর সিদ্ধান্ত নেয় সব নিয়ম মেনে নতুন দরপত্রের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এতে সজল আবেদন করে যোগ্যতা অনুযায়ী পেলে সে-ই চালাবে।”
শাসানোর অভিযোগও অধ্যাপক জহিরুল অস্বীকার করেছেন।
তিনি বলেন, "তাকে কখনও শাসানো হয়নি। তাকে ক্যাফেটেরিয়া থেকে বের করে দেওয়া হবে এমন কোনো কিছু কেউ বলেনি।"
“আর গত জানুয়ারিতে উপাচার্যবিরোধী যে আন্দোলন হয়েছে, এর সঙ্গে সজলের ক্যাফেটেরিয়া ব্যবসার কোনো সম্পর্ক নেই। ক্যাফেটেরিয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।"
