ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে নানা ভোগান্তি
ঈদে ঢাকা থেকে বিভিন্ন মহাসড়কে ঘরমুখো যাত্রীরা নানা ভোগান্তির শিকার হয়েছেন। মহাসড়কে যানজট ছাড়াও রয়েছে যানবাহন না পাওয়ার ভোগান্তি। কেউ কেউ পশুবাহী ট্রাকে গরু-ছাগলের সঙ্গে গাদাগাদি করে ট্রাকে যাচ্ছেন।
ঈদের ছুটি পাওয়ার পর বৃহস্পতিবার সাভারসহ আশপাশ এলাকা থেকে শিল্পশ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষ ঘরমুখে ছুটতে শুরু করেন।
শুক্রবার সকাল থেকে তেমন ভিড় না থাকলেও বিকালের দিকে ঘরমুখো মানুষের ভিড় কিছুটা বাড়তে থাকে।
ঢাকা-আরিচা মহাসড়কে তেমন যানজট হয়নি; তবে নবীনগর-বাইপাইল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও পরিবহনগুলোর ধীরগতিতে চলেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা সুগম ও আনন্দঘন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গাবতলী থেকে ঢাকা-আরিচা হয়ে উত্তরবঙ্গ, নবীনগর থেকে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গ যাওয়ার সকল গুরুতুপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পোশাক শ্রমিক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুরে বাড়িতে যাওয়ার জন্য বাইপাইলে অপেক্ষা করছি। তবে শুনতেছি চন্দ্রা এলাকায় ব্যাপক যানজট। বৃহস্পতিবার কারখানার ছুটি হলেও যানজটের কারণে যাইনি। ভাবছি আজ যানজট কম থাকবে এজন্য রওনা হয়েছি। বাইপাইলে যানজট না থাকলেও শুনতেছি চন্দ্রা-গাজীপুরে নাকি ব্যাপক যানজট।”
দুপুরের পর থেকেই বাইপাইলে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আশুলিয়ার বাইপাইলে দীর্ঘ ৪ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি আসমা বেগম। কোনো উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন গরুর ট্রাকে। ট্রাকে উঠেই আরেক ভোগান্তিতে পড়েন আসমা।
কোরবানির পশুর খালি ট্রাকে ভিতরে দুর্গন্ধ-অপরিষ্কার। নাক চেপে অস্বস্তির যাত্রা তার। কেবল আসমা নন, এরকম আরও অনেককেই পশুবাহী ট্রাকে করে যাত্রা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিকাল সাড়ে ৫টার পর থেকে সাভার বাসস্ট্যান্ডে শত শত ঘরমুখী মানুষ দাঁড়িয়ে আছে। দুই একটা বাস এলেও উপচে পড়ছে যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে দুই-চারজনকে উঠালেও তাদের দাঁড়িয়ে যেতে হয়। তবে কোরবানির হাটে পশু নামিয়ে দিয়ে ফিরতি পথে প্রায় ট্রাকই যাত্রী নিয়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরের পর থেকে নবীনগর-বাইপাইল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার গাড়ির জন্য অপেক্ষায় অসংখ্য যাত্রী।
বাইপাইল থেকে উত্তরবঙ্গমুখী সড়কে যাত্রীবাহী যে বাস আছে তার চেয়েও কয়েকগুণ বেশি যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার অভাবে ঘরমুখো মানুষ বেছে নিচ্ছেন গরুর ট্রাক।
বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরের পথে ঘরমুখো যাত্রী নিয়ে ছোটা যানবাহন
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে উত্তরের পথে যানবাহনের চাপ ক্রমশ বেড়েছে। এ কারণে মহাসড়কে যান চলাচলের গতি কমেছে।
সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মালবাহী ট্রাক, খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে। এ কারণে মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। অধিকাংশ সময় ধীরগতিতে চলছে যানবাহনগুলো।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বিকালে নলকা সেতু এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গগামী লেনে যানবাহনগুলো আটকে গিয়েছিল। এ কারণে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে রেকার দিয়ে বিকল হওয়া গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
ওসি জানান, সেতু দিয়ে ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।
যানবাহনের এই সংখ্যা ‘স্বাভাবিক সময়ের দ্বিগুণ’ উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত সেতু দিয়ে ২৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরের পথে ১৯ হাজার ৩৩৬ এবং উত্তরাঞ্চল থেকে ঢাকার লেনে পারাপার হয়েছে ৭ হাজার ৯৪১টি যানবাহন।
যানবাহনের চাপ বাড়ার কারণে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে বলে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানিয়েছেন।
