ব্রাহ্মণবাড়িয়ায় ‘সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে’ ভাই-বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান।
নিহত জিহাদ (১১) ও তাজিয়া (৭) ওই গ্রামের মুকুল মিয়ার সন্তান।
নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে গ্রামের একটি মসজিদে আরবি পড়তে যায় তাজিয়া। পড়া শেষে তাজিয়ার সঙ্গে তার ভাই জিহাদও বাড়ি ফিরছিল। পথে একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।
ওসি হাবিবুল্লাহ বলেন, তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
