বন্যার মধ্যে মৌলভীবাজারে সাপের কামড়ে দুজনের মৃত্যু
মৌলভীবাজারের সদর ও কুলাউড়া উপজেলায় বন্যার মধ্যে চারদিনের ব্যবধানে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে; জুড়ি উপজেলায় আরেক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর মধ্যে সদর উপজেলায় শুক্রবার সকালে মারা গেছেন একজন আর গত সোমবার কুলাউড়া উপজেলায় মারা গেছেন আরেকজন। এ ছাড়া মঙ্গলবার জুড়ি উপজেলায় এক নারীকে সাপে কামড়ালেও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার আপার কাগাফলা ইউনিয়নের পদুনাপুর গ্রামের ইমরান আহমদ (১৮), কুলাউড়া উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাদে মনসুর গ্রামের মাখন মিয়ার ছেলে শিপু আহমদ (২২)।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুমায়ূন কবির বলেন, বৃহস্পতিবার রাতে পদুনাপুর গ্রামে বন্যার পানিতে থাকা একটি সাপ ইমরানকে কামড় দেয়। হাসপাতালে নিয়ে আসার পর কী সাপে কামড় দিয়েছে তা নিশ্চিত করতে না পারায় তাকে পাঠানো হয় সিলেটে।
আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা ইমরান জানান, রাত সাড়ে ৮টার দিকে ইমরানকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন না দেওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে ইমরান মারা যায়।
পদুনাপুর গ্রামের বাসিন্দা রুহেল আহমদ জানান, “ইমরানদের বাড়িতে বন্যার পানি উঠায় তার পরিবার আমাদের বাড়িতে উঠে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমাদের বাড়িতে আসার সময় একটি সাপ ইমরানকে কামড় দেয়।
“প্রথম দিকে তেমন ব্যাথা না হওয়ায় ইমরানের পরিবারের ধারণা হয়, সাপটি বোধহয় বিষহীন। এরপর রাতে সে ঘুমিয়ে পড়ে। দুই ঘণ্টা পর তীব্র ব্যথায় ঘুম থেকে জেগে উঠেন ইমরান। তখন তাকে দ্রুত মৌলভীবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিলেটে। ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতির সময় ইমরান মারা যান।”
এদিকে কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল বলেন, সোমবার রাতে উছলাপাড়ার পশ্চিম পাশের জলাধারে মাছ ধরতে নামেন শিপু। এ সময় তাকে একটি সাপে কামড় দেয়। পরিবারের লোকেরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপুর প্রতিবেশী আল মামুন জানান, শিপুকে বাঁচাতে তার পরিবার ওঝার শরণাপন্ন হয়। ওঝা এসে শিপুকে কামড় দেওয়া সাপের খোঁজ করেন। কিন্তু সাপটিকে খোঁজে পাওয়া যায়নি। তখন ওঝা অপারগতা প্রকাশ করে চলে যান।
এ ছাড়া সাপের কামড়ের পর চিকিৎসা নিয়ে জুড়ী উপজেলার চৌমুহনী এলাকার খোকন আহমদের স্ত্রী মাজেদা বেগম (৩০) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক মাজহারুল ইসলাম।
খোকন আহমদ জানান, বাড়িতে বন্যার পানি উঠায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের ফার্নিচারের গুদামে উঠেন। সেখানে কাঠের নিচে লুকিয়ে থাকা সাপের কামড়ে মাজেদা আহত হন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি এখন বাড়ি ফিরেছেন।
ব্যবসায়ী সফিক আহমদ দাবি করেন, “মাজেদাকে দুধরাজ সাপ কামড় দিয়েছিল। জনতা পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।”
বাংলাদেশ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, বর্তমানে পানিতে তলিয়ে গেছে গ্রামাঞ্চল। তলিয়েছে গ্রামীণ ঝোপঝাড়। সাপের আবাসস্থলগুলোও এখন পানিতে নিমজ্জিত। শুকনো জায়গায় সাপ আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। এই সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
