সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা গুলিতে আহত
সাতক্ষীরায় কলেজের অধ্যক্ষ এক আওয়ামী লীগ নেতা গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোশাররফ হোসেন মোশা সাতক্ষীরার বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি।
অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মঙ্গলবার দুপুরে তাকে গুলি করে বলে কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান।
উপাধ্যক্ষ বলেন, মোশাররফ হোসেন কলেজের কাজ শেষে বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। কলেজের গেট থেকে অল্প একটু দূরে যেতেই বাঁশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে তাকে গুলি করা হয়।
“হেলমেট পরা অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের চিকিৎসক সুজিত রায় বলেন, “তার পায়ে গুলি লেগেছে। গুলিটি ঢুকে ভেদ করে বেরিয়ে গেছে। এক্স-রে করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পুলিশ এখনও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। জড়িতকে শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান সাতক্ষীরা থানার ওসি স ম কাইউম।
