২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো ১০০০ কেজি আম

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০০০ কেজি আম পাঠানো হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 07:12 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা হিসেবে এই আম পাঠিয়েছেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারি মারুফত তরিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের শূন্যরেখায় মারুফত তরিকুল ইসলাম আমগুলো গ্রহণ করেন এবং পরে তিনি ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) ফারজনা আক্তার, বেনাপোল শুল্ক ভবনের ডেপুটি কমিশনার তানভির আহমেদ, বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, পোর্ট থানার ওসি কামাল হোসেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

মারুফত তরিকুল ইসলাম বলেন, মৌসুমি ফল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। এর ফলে প্রতিবেশী দুই দেশের সৌহার্দ্য বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিলেন আম্রপালি আম।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। 

২০০ কার্টনে ১০০০ কেজি আম্রপালি আম পাঠানো হয়; যার সিএন্ডএফ এজেন্ট ছিলেন বেনাপোলের রবি এন্টারপ্রাইজ।

এদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যও উপহার হিসেবে বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।