ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এ ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল সব কার্যক্রম সম্পন্ন করে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া বলেন, ঢাকার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো পাঠানো হয়েছে সেই প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে বন্দরে আনুষাঙ্গিক কাজগুলো আমার প্রতিষ্ঠান সম্পন্ন করেছে। তারপর আম সহকারী হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছি।
আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, “প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গণ্যমান্যদের কাছে পৌঁছে দেব।”
এর আগে রোববার রাতে আমবোঝাই পিকআপভ্যান আগরতলা স্থলবন্দরে এসে পৌঁছে।
