পদ্মায় তীব্র স্রোত, শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি বন্ধ
স্রোতের কারণে শিমুলিয়ার সঙ্গে মাঝিরকান্দি রুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি।
রোববার রাত পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন।
তিনি বলেন, জাজিরা সেনাবাহিনীর জেটির কাছে ঘূর্ণিস্রোত ‘অস্বাভাবিক বৃদ্ধি’ পাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিমুলিয়া প্রান্তে ১৪০টি ও মাঝিরকান্দিতে ১৫০টি যান পারাপারের অপেক্ষায় ছিল। দুপাড়ের ঘাটেই মাইকিং করে ফেরি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
অপেক্ষামান যানগুলোকে বিকল্প পথে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সফিকুল।
এদিকে ফেরি বন্ধ হওয়ায় যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়েছেন।
এর আগে স্রোতের কারণে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৬ মে থেকে ফেরি চলাচল বন্ধ হয়। এখন শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি দুটি পথেই ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়বে মানুষ। তবে এই নৌপথেই ৮৭টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার রাতে ফেরি ’সুফিয়া কামাল’ ও ফেরি ’বেগম রোকেয়া’র মুখোমুখি সংঘর্ষে এক গাড়ি চালক নিহত ও আরেক চালক ছিটকে পড়ে নিখোঁজ হন।
