২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি আড়াইশ পরিবার

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুইটি ইউনিয়নে অন্তত নয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 09:38 PM

Updated : 25 Oct 2022, 10:45 AM

শনিবার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে গ্রামগুলোতে।

মনিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের এই গ্রামগুলোতে অন্তত আড়াইশ পরিবার পানিবন্দি হয়ে রয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

রোববার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠোনে পানি জমে আছে। শৌচাগার, রান্নাঘর ও টিউবওয়েল পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় হাটবাজারে যেতে পারছেন না স্থানীয়রা। শুকনা খাবার খেয়েই দিন কাটছে পানিবন্দি পরিবারগুলোর।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিয়নের ১৪২ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে ২৮টি পরিবারকে আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে তোলা হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে নগদ ১৫০০ টাকা করে অর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ১১৮টি পানিবন্দি পরিবারকে ডাল, চিনি, আলু, তেল, লবণ, চিড়া, পেঁয়াজ, দুধ, মোমবাতি ও দিয়াশলাই দেওয়া হয়েছে। আগামীকাল প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হেবে।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিয়নের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে ৪০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। আরও প্রায় একশ জন পানিবন্দির তালিকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মারমা সাংবাদিকদের জানান, উপেজেলার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে।  ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তাদের নগদ টাকা ও চাল দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ১৮২ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।”