২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

কক্সবাজারে কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 05:04 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

রোববার দুপুরে বজ্রপাতে কুতুবদিয়ায় দুজন এবং পেকুয়ায় একজন নিহত হন বলে জনপ্রতিনিধিদের বরাতে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর ছেলে মো. ইমতিয়াজ (২৫), একই এলাকার মো. ছাবেরের ছেলে মো. করিম (২৫) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩২)।

আহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে মো. রমিজ (৩৬) ও মো. আক্কাছ (২২)।

কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার বলেন, দুপুরে ধুরুং এলাকায় ইমতিয়াজ, করিম, রমিজ ও আক্কাছ মিলে নৌকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে চারজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন বলে জানান ওসি ওমর হায়দার।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন, দুপুরে বজ্রপাতে মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় মোহাম্মদ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।