৬ ঘণ্টার চেষ্টায় নিভল আদমজীর আগুন, গ্যাস সরবরাহ বন্ধ
ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় ছয় ঘণ্টা পর নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের আগুন নিভেছে; তবে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এখন ডাম্পিংয়ের কাজ চলছে৷
“আগুন লাগার পরই গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু ২০ ইঞ্চির পাইপ লাইনে প্রচুর গ্যাসের প্রেশার ছিল৷ এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে৷ তবে পুরোটা সময়ে কেউ হতাহত হননি।”
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইপিজেডের ভেতরে পলমল গ্রুপের হামজা ফ্যাশনের ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভূগর্ভে থাকা তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে যায়৷ পাইপ লাইন ফেটে যাওয়ার কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়৷
নির্মাণাধীন ভবনের সার্ভের কাজে থাকা একটি বেসরকারি কোম্পানির প্রকৌশলী মো. রনি বলেন, “মেশিনের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল৷ পাইলিং প্রায় ২০ ফুট গভীরে যাবার পর গ্যাসের পাইপ ফেটে যায়৷ তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে৷
“এভাবে তিন ঘণ্টা বালু ওঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ পরে আগুন জ্বলতে থাকে৷ বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে৷
নির্মাণশ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে৷ তিনি বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিলেন৷ পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়৷ বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি৷
বিস্ফোরণের পর ইপিজেডের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেকেই আতঙ্কিত হয়ে ইপিজেড এলাকা থেকে বেরিয়ে যান।
তবে ঘটনার পর থেকেই সংবাদকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশ করতে দেননি আনসার সদস্যরা৷ তারা বলেন, সংবাদকর্মীদের ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে৷
নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ
এদিকে গ্যাস লাইনের মেরামত না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জসহ আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস গ্যাসের তরফে একটি এসএমএসে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ভবন নির্মাণের সময় আদমজী ইপিজেডের উচ্চচাপ গ্যাস পাইপ লাইনে ছিদ্র হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লিকেজ মেরামত না হওয়া পর্যন্ত ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আগুনের কারণে জাতীয় গ্রিডের কোনো লাইন বন্ধ করা না হলেও তিতাসের কিছু সঞ্চালন লাইন বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরিচালক (অপারেশন) তাজুল ইসলাম মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছু সঞ্চালন লাইন বন্ধ করতে হয়েছে, কারণ পাইপের ভেতরে থাকা গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন নেভানোর উপায় ছিল না। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে ওই অঞ্চলের গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।”
