২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় হাজতে নারায়ণগঞ্জের কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম ওরফে খোরশেদকে একটি ধর্ষণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 09:36 PM

Updated : 02 Aug 2022, 01:47 PM

বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি। মহামারীর সঙ্কটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মৃতদেহ সৎকারের মত কাজে উদ্যোগী ভূমিকা নিয়ে সারা দেশেই আলোচনায় ছিলেন তিনি।

১৩ নম্বর ওয়ার্ডের এই প্রতিনিধি গত ১৭ জানুয়ারির নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পরাজিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত বছরের ২৫ অগাস্ট নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলাটি দায়ের করেন সায়েদা শিউলী নামের এক নারী। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তু করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

“ওই মামলায় গত বছরের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এসআই তৌহিদুল ইসলাম কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।”

মামলায় অভিযোগ করা হয়, তিনি কাউন্সিলর খোরশেদের বিবাহিতা স্ত্রী। গত বছরের ২ অগাস্ট কাঁচপুরের এসএস ফিলিং স্টেশনে মাকছুদুল নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী হিসেবে তারা বসবাস করছিলেন। তবে খোরশেদ কাবিননামা পরে দেব বলে আর দেননি।

এরপর খোরশেদ বাদীকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের বিষয়টি জানাজানি হলে খোরশেদ বাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করেন।

এর আগে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বাদীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থও হাতিয়ে নেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

মামলায় আরও বলা হয়, খোরশেদ তাকে স্ত্রী বলে অস্বীকার করছেন। তবে বাদীর কাছে কাবিননামা ছাড়া সম্পর্কের সকল প্রমাণ আছে। তাই আদালতে মামলা করেছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মাকুছুদুল আলম খোরশেদ বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতপেক্ষের সঙ্গে মিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

মাকছুদুল আলম খোরশেদের আইনজীবী শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, খোরশেদ উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে আবার তিনি উচ্চ আদালতে হাজির হলে তাকে চার সপ্তাহের নির্দেশনামূলক জামিনের মেয়াদ শেষে তিনি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

তৈমুরের ভাই খোরশেদ আবার বিপুল ভোটে কাউন্সিলর