১১ বছর পর ভোট হচ্ছে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদে
সীমানা জটিলতা নিয়ে মামলায় দীর্ঘ ১১ বছর আটকে থাকার পর নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের মানুষ তাদের জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছে।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ জামান জানান, বুধবার ইউনিয়নের নয় ওয়ার্ডের ১০ কেন্দ্রে সাড়ে ১৯ হাজারের বেশি ভোটার প্রথমবারের মত ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম কয়েক ঘণ্টা ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে ভোটের লাইন দীর্ঘ হতে দেখা গেছে বিভিন্ন কেন্দ্রের বাইরে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নয়জন প্রার্থী। এছাড়া নয় ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী আসনে ২০ জন ভোট যুদ্ধে নেমেছেন। আর ইউপির ভোটার সংখ্যা ১৯ হাজার ৮০১ জন।
খোকশাবাড়ীতে সর্বশেষ ভোট হয়েছিল ২০১১ সালের ৫ জুন। সে সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের মাঝামাঝিতে।
২০১৫ সালে নির্বাচন কমিশন সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন আটকে যায়।
পরে সীমানা জটিলতা নিরসন হলে ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারি, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন হয়।
কিন্তু খোকশাবাড়ীর সীমানা নিয়ে সমস্যা না মেটায় সেবারে নির্বাচনী তফসিল থেকে বাদ পড়ে খোকশাবাড়ি ইউনিয়ন। পরে ১৫ জুন ভোটে তারিখ নির্ধারণ করে খোকশাবাড়ি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
