২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুলে ‘গরমে’ ৭ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

খিঁচুনি ও শ্বাসকষ্ট নিয়ে বরিশালের বাকেরগঞ্জে একটি বিদ্যালয়ের সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 11:26 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

সোমবার বিকালে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এই শিক্ষার্থীদের তেমন কোনো জটিল সমস্যা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কামারখালী কেএসইউ (কৃষ্ণ সুন্দর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন জানান, বিকালে স্কুলে মিড টার্ম পরীক্ষা চলছিল। হঠাৎ শিক্ষার্থীদের শরীর কাঁপুনি দিয়ে খিঁচুনি হয়। একই সঙ্গে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের অভিভাবকদের নিয়ে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাতে প্রধান শিক্ষক জানান, গরমে শিক্ষার্থীদের ঘামের কারণে শরীরে লবণের ঘাটতি হয়েছে। তাই সমস্যা হয়। তাদের চিকিৎসা চলছে।

মঙ্গলবারের মধ্যে সকলে বাসায় ফিরতে পারবে বলে চিকিৎসকরা জানিয়েছেন, বলেন জলিলুর রহমান।  

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মারুফ চিকিৎসকের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সপ্তাহ আগে দশম শ্রেণির দুই ছাত্রী শেফা (১৫) ও সাজিয়া (১৫) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুই দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে।

তিনি জানান, সোমবার পরীক্ষায় হলে ওই দুই জনসহ একই শ্রেণির সাজিয়া (১৫), হিরা (১৫), পাখি (১৫) তাপসী (১৫) ও রিনা আক্তার (১৫) অসুস্থ হয়ে পড়ে।

“চিকিৎসক জানিয়েছেন, শিক্ষার্থীদের অবস্থা ভালো। জটিল কোনো সমস্যা নেই।”

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার নাভিদ নুর ইভান বলেন, “অসুস্থ ছাত্রীরা ভালো আছে। তাদের চিকিৎসা চলছে।”