নূপুর শর্মার ‘সমর্থনে’ ফেইসবুক পোস্ট, সিলেটে শিক্ষার্থী আটক
ধর্মীয় ‘অবমামনাকারী’ ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মার সমর্থনে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার জাফলং চা বাগান থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।
আটক এই সাঁওতাল যুবক গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী।
ওসি কে এম নজরুল ইসলাম জানান, ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন এবং ইসলাম ধর্মকে অবমাননা করে নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন এই শিক্ষার্থী।
“এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এলাকার লোকজন তাকে গ্রেপ্তারের দাবি করেন।”
ওসি বলেন, এরই পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে তাকে আটকের পর তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।”
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
সম্প্রতি ভারতের একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে ইসলাম ধর্মকে নিয়ে অশালীন কথা বলেন সে দেশের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে তার কটূক্তির প্রতিবাদে দেশে-বিদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
