কক্সবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে তরুণ নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মোহাম্মদ নোমান (২০) উপজেলার মধ্য কৈয়ারবিল এলাকার শাহাব উদ্দিনের ছেলে।
উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা হতাহত হন বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোর্শেদুল আলম ভূঁইয়া।
পরিদর্শক স্থানীয়দের বরাতে বলেন, একটি মিনি ট্রাক মাছ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন পিকআপের চালকসহ চারজন। স্থানীয়রা তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তাছাড়া পিকআপ চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি জব্দ করেছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি বলে জানান পরিদর্শক মোর্শেদুল আলম।
