আশুগঞ্জ নৌ-বন্দরের উন্নয়ন দাবি ব্যবহারকারীদের
প্রায় এগারো বছর আগে পূর্ণাঙ্গ নৌবন্দর হিসেবে যাত্রা শুরু করলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ ব্যবহারকারীদের। তারা সম্ভাবনাময় এ বন্দরের গুরুত্ব ও চাহিদা বিবেচনায় দ্রুত অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।
চাহিদা বিবেচনায় চলমান জেটি ছাড়া বন্দরে আরও অন্তত ৫টি জেটি নির্মাণ করা প্রয়োজন বলে ব্যবসায়ীরা মনে করেন।
ব্যবসায়ীদের ভাষ্য, বিআইডব্লিউটিএ প্রতি অর্থবছরে আশুগঞ্জ নদীবন্দরের জন্য যে পরিমাণ ইজারামূল্য নিচ্ছে, সে তুলনায় বন্দরে সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। অবকাঠামোগত উন্নয়ন হলে বন্দরের ব্যবসা-বাণিজ্য যেমন আরও প্রসারিত হবে, তেমনি সরকারও লাভবান হবে।
আশুগঞ্জ পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি ইব্রাহিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আশুগঞ্জ নদীবন্দরের। অবশ্য তার আগে থেকেই আশুগঞ্জের মেঘনা নদীর ফেরিঘাট এলাকায় নোঙর করত পণ্যবাহী ছোট-বড় জাহাজ ও বাল্কহেড।
এ বন্দরে অন্তত পাঁচ হাজার শ্রমিক পণ্য উঠানামার কাজ করে জীবিকা নির্বাহ করেন বলে তিনি জানান।
ইব্রাহিম মোল্লা জানান, চট্টগ্রাম ও ঢাকা থেকে নৌ-পথে স্বল্প সময়ে এবং খুব সহজেই আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে বিভিন্ন কোম্পানিগুলো নিজেদের এজেন্টদের কাছে মালামাল সরবরাহ করতে পারে। এর ফলে দিন দিন আশুগঞ্জ নদীবন্দর দিয়ে পণ্য পরিবহন বাড়ছে। এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বন্দরটি।
তিনি জানান, বর্তমানে প্রতি মাসে রড, সিমেন্ট, পাথর, সার, ধান ও গমসহ বিভিন্ন পণ্যবোঝাই ছোট-বড় শতাধিক জাহাজ ও বাল্কহেড আসে আশুগঞ্জ নদীবন্দরে।
তবে জেটি সংখ্যা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেলে বর্তমানের চেয়ে দ্বিগুণ জাহাজ বন্দরে আসবে বলে ব্যবসায়ীদের ভাষ্য।
ব্যবহারকারীদের অভিযোগ, পণ্য পরিবহনে আশুগঞ্জ নদীবন্দর ব্যবহারে চাহিদা বাড়লেও বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। বর্তমানে বন্দরে মাত্র ২টি জেটি আছে। অথচ একেকটি জাহাজ থেকে পণ্য আনলোডিংয়ে সময় লাগে ৪-৫দিন। এ সময়টাতে জেটি খালি না পেয়ে বন্দরে নোঙর করা অন্য জাহাজের পণ্য আনলোডিং করা যায় না। এতে করে জাহাজের জটলা তৈরি হয়। এছাড়া জাহাজ বন্দরে নোঙর করার সাত দিনের মধ্যে পণ্য আনলোড করতে না পারলে পরবর্তী দিন থেকে অতিরিক্ত টাকা দিতে হয় জাহাজ মালিককে।
বন্দরের উন্নয়ন না হওয়ার এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
নদীবন্দরের ব্যবসায়ী এস এম কবীর বলেন, পর্যাপ্ত জেটির অভাবে পণ্য আনলোডিংয়ে অতিরিক্ত সময় লাগে। এতে জাহাজ মালিককে যেমন অতিরিক্ত টাকা দিতে হয়, তেমনি বন্দরে অবস্থানকালীন বার্থিং ফিও দিতে হয় ইজারাদারকে। সবমিলিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। সেজন্য চাহিদা বিবেচনায় বন্দরে আরও অন্তত ৫টি জেটি নির্মাণ করা প্রয়োজন। এতে করে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারিত হবে।
আশুগঞ্জ নৌবন্দরের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, এক সময় আশুগঞ্জ নদীবন্দরটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তখন বন্দরের ইজারামূল্যও কম ছিল। কিন্তু এখন এ বন্দর দিয়ে পণ্য পরিবহন বাড়ায় বন্দরের গুরুত্ব বাড়ছে। এতে করে বন্দরের ইজারামূল্যও বাড়ছে। আগামী অর্থবছরেও ইজারামূল্য বাড়বে।
“বন্দরে আরও জেটিসহ অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন–এটি আমরাও বুঝতে পারছি। তবে ব্যবসায়ীরা যদি তাদের চাহিদাগুলো লিখিতভাবে জানান তাহলে আমরা সুপারিশ করে ঊর্ধ্বতনদের কাছে পাঠাব।”
