২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সালিশ বৈঠকে সংঘর্ষ, অটোরিকশা চালক নিহত

ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন; ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 07:40 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের মৃধাবাড়িতে শনিবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান।

নিহত শাহজালাল ফারুক (৪০) ওই বাড়ির হাকিম আলীর ছেলে। তার তিনটি সন্তান রয়েছে।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, জমি ভাগাভাগি নিয়ে ওই বাড়ির ছয় অংশীদারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুপুরে সবার উপস্থিতিতে সালিশ বসলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন হাকিম আলীকে মারধর করেন। হাকিমের ছেলে শাহজালাল ফারুক ও স্বজনরা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।