পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘পারাবাত এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন।
শনিবার দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে; এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এসব তথ্য জানিয়ে বিকালে বলেন, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করেছে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া আগুন লাগার পর বগি দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। সেই বগি দুটিসহ অন্যান্য বগি নিয়ে ট্রেনটি বিকাল ৪টার দিকে কুলাউড়া স্টেশনের দিকে চলে যায় বলে দুর্ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকরা জানান।
রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ দোহার বিকালে সাংবাদিকদের বলেন, এরই মধ্যে দুর্ঘটনা কবলিত বগিসহ ট্রেনটিকে কুলাউড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সিলেটের পথে ট্রেন চলাচলের অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ট্রেনের খাবার গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের একটি যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। তখন চালক ট্রেন থামিয়ে দেন।
তবে এতে কেউ আহত হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদা হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
