২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফিপুরে নবীন আনসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 12:04 AM

Updated : 25 Oct 2022, 10:44 AM

শুক্রবার আনসার ভিডিপি একাডেমিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, আনসার বাহিনীর সকল সদস্যদের কল্যাণের জন্য ইতিমধ্যে আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়েছে। সাহসিক ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক প্রবর্তন, কর্মকর্তাদের জন্য দ্বিতীয়, তৃতীয় ও ৫ম গ্রেডে পদ সৃজন এবং মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডে উন্নীতকরণ, অন্যান্য পদের মানোন্নয়ন ও কর্মকর্তাদের বৈশ্বিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশিক্ষকদের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৪০টি অস্ত্রাগার নির্মাণের অনুমোদন দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ১৫টি ব্যাটালিয়ন সদরে আধুনিক অবকাঠামো গড়ে মডেল ব্যাটালিয়নের রূপ দেওয়া হয়েছে। অবশিষ্ট ব্যাটালিয়নগুলোর উন্নয়ন প্রক্রিয়াধীন। বিভিন্ন রেঞ্জ, জেলা-উপজেলাতে মডেল রেঞ্জ, জেলা ও উপজেলা অফিস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

নবীন ব্যাটালিয়ন আনসারদের ২২তম ব্যাচের (পুরুষ) ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচাকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী একটি সুসজ্জিত খোলা গাড়িতে প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থীগণ ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালকসহ (অপারেশনস) সদরদপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৪৪২ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশ নেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এবার মৌলিক প্রশিক্ষণে মো. সাগর আলী শ্রেষ্ঠ ড্রিল, শরিফুল ইসলাম শ্রেষ্ঠ ফায়ারার এবং মো. গুলজার আলী চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।