২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বেচ্ছাপাহারায় ক্ষুব্ধ হয়ে’ উখিয়ায় রোহিঙ্গা নেতা খুন, ধারণা পুলিশের

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের সমন্বয়ে 'স্বেচ্ছাপাহারা সিস্টেম' চালু করে এপিবিএন; সেখানে দায়িত্ব বন্টন করতেন নিহত মো. আজিমুদ্দিন। এতে অধিপত্য বিস্তারে ‘বাধা পেয়ে’ দুর্বৃত্তরা ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 12:09 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

পুরনো খবর:

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিমুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

আজিমুদ্দীন ওই ক্যাম্পের কমর উদ্দিনের ছেলে ছিলেন।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, রাতে পাশের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫-২০ জনের মুখোশধারী অজ্ঞাত একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আজিমুদ্দিনসহ তিনজন আহত হন। হামলাকারীরা আজিমুদ্দিনের গলা ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা আজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, গত বছর অক্টোবর মাসে ময়নার ঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৬ মার্ডার ঘটনার পর থেকে এপিবিএন স্থানীয়দের সমন্বয়ে 'স্বেচ্ছাপাহারা সিস্টেম' চালু করে। এতে দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে উঠে। তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধ হয়ে ক্যাম্পের মাঝি ও স্বেচ্ছাসেবকদের উপর হামলার করত। বৃহস্পতিবার রাতে ক্যাম্পটির বি-ব্লকের স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাঝে পাহারার দায়িত্ব বন্টন করছিলেন আজিমুদ্দিনসহ আরও কয়েকজন রোহিঙ্গা।

ক্যাম্পে ‘আধিপত্য বিস্তার করতে না পেরে’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এপিবিএন এর উপ-অধিনায়কের ধারণা।

তিনি বলেন, ক্যাম্পে অস্থিতিশীলতা সৃষ্টি ও স্বেচ্ছাপাহারা সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা করা হয়েছে। এতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় আহতরা হলেন- ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মনি উল্লাহ'র ছেলে সৈয়দ করিম (৪০) ও নবী হোসেনের ছেলে মো. রহিমুল্লাহ (৩৬)।

আজিমুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।