২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচনে থাকলে সাংগঠনিক ব্যবস্থা: স্বেচ্ছাসেবক দল সম্পাদক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে দলের কোনো নেতা-কর্মী অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 10:30 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

লিখিত বক্তব্যে আবদুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় নিজাম উদ্দিন কায়সারকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগরের সভাপতির পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে অথবা অন্য কোনো প্রার্থীর সঙ্গে যোগাযোগ না রাখা এবং নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।

“সুতরাং দলীয় নির্দেশ অমান্য করে যারা এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে এবং নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেবে- দল তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাদির ভূঁইয়া বলেন, “আমরা কুমিল্লা সিটি নির্বাচন পর্যবেক্ষণ করছি। যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জামির হোসেন, এ কে এম আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন সফিক সোহাগ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, সাহিত্য সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নিচ্ছে না। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।মনিরুল হক সাক্কু দেওয়াল ঘড়ি ও নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে মেয়র পদে নির্বাচন করছেন।

মেয়র পদে নৌকা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আরফানুল হক রিফাত।